বিশ্বকাপ সম্প্রচার-স্বত্বে ঘুষের স্বীকারোক্তি ২ আর্জেন্টাইন নির্বাহীর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৩: ৫২
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-র দুই সহমালিক হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। সংগৃহীত ছবি
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-র দুই সহমালিক হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। সংগৃহীত ছবি

বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার-স্বত্ব পেতে কোটি ডলার ঘুষ দেওয়ার দায় স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া নির্বাহী। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে বিচারিক প্রক্রিয়া এড়াতে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন ওই দুই নির্বাহী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিজেদের দায় স্বীকার করেন বাবা হুগো জিনকিস ও ছেলে মারিয়ানো জিনকিস।

আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-র এই দুই সহমালিক মূলতবি অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট বা ডিপিএ) আওতায় প্রায় ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার বাজেয়াপ্তে সম্মতি দিয়েছেন। এর মাধ্যমে তাঁদের বিরুদ্ধে থাকা জালিয়াতির মামলা ও অভিযোগ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তি বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে সংশ্লিষ্ট কর্তাদের সমর্থন আদায়ে দীর্ঘদিন ধরে কোটি কোটি ডলারের ঘুষ দিয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব পেতে পরিকল্পিত ষড়যন্ত্র করেছিল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারিত করার কথা আদালতে স্বীকার করেছেন এর মালিকেরা।

এই ঘটনার সূত্রপাত ২০১৫ সালে, যখন সুইজারল্যান্ডের জুরিখে ফিফার শীর্ষ কর্মকর্তাদের কার্যালয় ও হোটেলে মার্কিন তদন্তকারী সংস্থার অভিযানের পর বিশ্ব ফুটবলের দুর্নীতি প্রকাশ্যে আসে। ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোতে আলোড়ন সৃষ্টিকারী সেই তদন্তের ফলে ধারাবাহিক গ্রেপ্তার, বিচার এবং পরে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে এবার দুই আর্জেন্টাইন নির্বাহী অর্থ বাজেয়াপ্তের বিনিময়ে মার্কিন আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছালেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত