ad

ফাইনালে স্টেডিয়ামে ট্রাম্প, ছাদে থাকবে স্নাইপার-আকাশে এফ-১৬

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৬: ০১
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে উঠবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ফাইনালের নিরাপত্তা ব্যবস্থাও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। স্টেডিয়ামটির আকাশে টহল দেবে এফ-১৬ যুদ্ধবিমান; ছাদে থাকবেন স্নাইপাররা।

শনিবার (১৮ জুলাই) হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফ স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটি সুপার বোলের (যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগ) চেয়েও বড় এবং স্পর্শকাতর। প্রেসিডেন্টের নিরাপত্তার কথা বিবেচনায় ম্যাচটিকে ‘লেভেল–১’ নিরাপত্তা মর্যাদা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু পুলিশ নয়, ম্যাচে দায়িত্ব পালন করবেন হাজার হাজার এফবিআই এজেন্টও। তাদের অনেকেই গত দুই বছর ধরে ফাইনালকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করেছেন।

ফাইনাল সামনে রেখে মেটলাইফ স্টেডিয়ামের আকাশে কঠোর ‘নো-ফ্লাই জোন’ কার্যকর করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সতর্কবার্তা দিতে ব্যবহার হচ্ছে ফ্লেয়ার।

স্টেডিয়ামের আশপাশের এলাকায় ড্রোন শনাক্ত ও ধ্বংসে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক জ্যামার। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আকাশে উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই। ফাইনালের দিন ট্রাম্পের উপস্থিতিতে নজরদারি আরও বাড়ানো হবে।

গত মাসে এনবিএ ফাইনাল দেখতে যান ডোনাল্ড ট্রাম্প। তাঁর গাড়িবহরের কারণে নিউইয়র্কের একাধিক সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। সে অভিজ্ঞতা থেকে হোয়াইট হাউস ফুটবলপ্রেমীদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। কারণ, সিক্রেট সার্ভিসের কড়া তল্লাশি ও প্রবেশপথের দীর্ঘ সারি পার হতে সময় লাগতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ফাইনালে ট্রাম্পের উপস্থিতি আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজনের সমাপ্তিকে আরও স্মরণীয় করে রাখবে।

Ad 300x250

সম্পর্কিত