সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৫: ৪৭
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা দুই দেশের প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা ধীরগতি এসেছে। সমস্যা চিহ্নিত করে এই বাণিজ্য আরও সহজ ও কার্যকর করা হবে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ২০২৫ সালের এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ। বৈঠকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রস্তাব এসেছে বৈঠকে। এর মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে গতি ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে অত্যন্ত সফল। এই খাতে ভারত জিপার, মেশিনারি, বোতামসহ বিভিন্ন উপকরণ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করতে আগ্রহী। এতে দুই দেশের শিল্পখাতে পারস্পরিক সম্পৃক্ততা বাড়বে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত