নিষেধাজ্ঞার প্রতিবাদে ট্রাম্পের অনুষ্ঠান বয়কট মার্কিন গণমাধ্যমের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৯
সোমবার নতুন হেলিপ্যাডের উদ্বোধনী অনুষ্ঠান সরকারিভাবে লাইভ স্ট্রিম করা হলেও সেখানে ট্রাম্পের বক্তব্য ছিল শব্দহীন। সংগৃহীত ছবি
সোমবার নতুন হেলিপ্যাডের উদ্বোধনী অনুষ্ঠান সরকারিভাবে লাইভ স্ট্রিম করা হলেও সেখানে ট্রাম্পের বক্তব্য ছিল শব্দহীন। সংগৃহীত ছবি

হোয়াইট হাউসে কয়েকটি সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পুল কাভারেজ’ স্থগিত করেছে দেশটির প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে এই বয়কট কর্মসূচি শুরু হয়।

গত শুক্রবার সিএনএন, পলিটিকো এবং এমএস নাও—এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘অনবরত ভুয়া খবর প্রচারের দায়ে আমি হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে নিষিদ্ধ করতে পেরে গর্বিত। প্রশাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করতে দেওয়া যায় না।’

এর প্রতিবাদে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এই বয়কট কর্মসূচি দিল। অন্যদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই তিন গণমাধ্যম। যৌথ বিবৃতিতে তারা জানায়, ‘কোনো পূর্ব নোটিশ ছাড়াই কেবল বস্তুনিষ্ঠ প্রতিবেদনের কারণে সাংবাদিকদের পাস বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সাংবিধানিক অধিকারকে হুমকিতে ফেলবে।’

টেলিভিশন নেটওয়ার্কগুলোর পাশাপাশি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সংবাদপত্রগুলোও ট্রাম্পের ছবি শেয়ার না করার ঘোষণা দিয়েছে। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে ওঠার কিংবা নিউইয়র্কে পৌঁছানোর আনুষ্ঠানিক ফুটেজ মার্কিন টিভিগুলোতে সম্প্রচারিত হয়নি।

মিডিয়া পুল সমন্বয়ের দায়িত্বে থাকা ফক্স নিউজের ওয়াশিংটন ব্যুরো প্রধান ব্রায়ান বাউটন জানান, সিএনএনকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার পর থেকে টিভি পুল আর ট্রাম্পের নির্ধারিত কাভারেজ করবে না। বিকল্প পুলও গঠন করা হবে না।

এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে ২৪ ঘণ্টার নিজস্ব অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে।

বয়কট প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি বেশ মজার। তারা বলেছিল আমাকে বয়কট করবে, কিন্তু তারা কখনোই তা করতে পারে না। তাই আমি এ নিয়ে মোটেও চিন্তিত না।’

তথ্যসূত্র: বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত