কলকাতায় অগ্নিকাণ্ড/পালিয়েছিলেন ঝাড়খণ্ডে, বাড়ি ফিরেই গ্রেপ্তার সেই হোটেলমালিক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হোটেল শিখা-ইন ও এটির মালিক বীরেশ্বর মিত্র। ছবি: সংগৃহীত
হোটেল শিখা-ইন ও এটির মালিক বীরেশ্বর মিত্র। ছবি: সংগৃহীত

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর পালিয়ে যান তিনি, কলকাতা ফিরে গ্রেপ্তার হলেন। খবর দ্য প্রিন্ট

পুলিশ জানায়, আগুন লাগার পর বীরেশ্বর মিত্র কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে পালিয়ে যান। গত কয়েক দিন সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। শনিবার নিজের বাসায় ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, ঘটনার পর তাঁর দুটি ব্যাংক হিসাব জব্দ হওয়ায় অর্থসংকটে পড়ে তিনি কলকাতায় ফিরে আসতে পারেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হোটেলে আগুন লাগার খবর কর্মীরা তাকে জানিয়েছিলেন। তবে খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যাননি। তিনি নিজের গাড়িতে করে কলকাতা থেকে ধানবাদে চলে যান। সেখানে তাঁর কয়েকজন কর্মীর বাসা রয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। আগুনের ঘটনার পর কেন তিনি পালিয়ে গিয়েছিলেন এবং পরে কেন কলকাতায় ফিরে এলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশের প্রাথমিক তদন্তে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, হোটেলটিতে অগ্নিনিরাপত্তার নিয়ম যথাযথভাবে মানা হয়নি।

ঘটনার পর থেকেই বীরেশ্বর মিত্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুক্রবার দীঘা ও মন্দারমণিতে তার মালিকানাধীন আরও দুটি হোটেলেও তল্লাশি চালানো হয়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।

তদন্তকারীরা জানান, বুধবার ভোরে মিত্র হোটেলের এক কর্মীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। একই ভবনের পঞ্চম তলার একটি অংশ মিত্রের কাছ থেকে ইজারা নেওয়া উমেশ সিং ও জিতেন সিং নামের দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে, মাসে ৪০ হাজার রুপিতে মিত্রের কাছ থেকে শিখা ইন হোটেলটি ইজারা নেওয়া আবু জাফরকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল শিখা-ইনের ৯ জন পর্যটক ও কর্মী নিহত হন। তাদের মধ্যে সাতজনের বাড়ি বাংলাদেশে। নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের কুষ্টিয়ার এক সাংবাদিক ও তার পরিবারের তিন সদস্য রয়েছেন।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

পালিয়েছিলেন ঝাড়খণ্ডে, বাড়ি ফিরেই গ্রেপ্তার সেই হোটেলমালিক