গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে দেওয়ার দাবি বিকেএমইএ নারায়ণগঞ্জের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২: ৫৭
বিকেএমইএর মতবিনিময় সভা। সংগৃহীত ছবি
বিকেএমইএর মতবিনিময় সভা। সংগৃহীত ছবি

সাম্প্রতিক গ্যাস ও জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চান নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নারায়ণগঞ্জের সদস্যরা এ দাবি জানান।

শুক্রবার (২২ আগস্ট) দুর্ঘটনা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সাম্প্রতিক গ্যাস ও জ্বালানিসংকট নিয়ে শনিবার বিকেএমইএর নারায়ণগঞ্জ জোনের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি তোলা হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

সভায় সদস্যরা জানান, প্রায় এক মাস ধরে গ্যাস ও জ্বালানি সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ বা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং অনেক উদ্যোক্তা নিয়মিত ব্যয় ও ঋণের কিস্তি পরিশোধে চাপের মধ্যে পড়েছেন।

একই সঙ্গে এই সময়ে বকেয়া বিলের কারণে কোনো গ্রাহকের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়।

গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বিকেএমইএ সদস্যরা। তারা বলেন, অবিলম্বে সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি সিস্টেম লসও কমানো সম্ভব হবে।

সভায় সংকটকালীন সময়ে ব্যক্তিমালিকানাধীন গাড়িতে সিএনজি সরবরাহ বন্ধ রাখার প্রস্তাবও দেওয়া হয়। তবে পাবলিক ট্রান্সপোর্টের জন্য সিএনজি সরবরাহ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে দেওয়ার দাবি বিকেএমইএ নারায়ণগঞ্জের