ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, হামলা-ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রদলের সাবেক নেতা এনামুল কবির। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। এজন্য সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌঁছানোমাত্র পুলিশ তাঁকে গ্রেপ্তার। এ সময় সদর থানার ওসি ছাড়াও সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২২ মে ঝিনাইদহ সফর করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে পৌর কালেক্টরেট মসজিদের সামনে তাঁর ওপর হামলা হয়। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশ ভ্যানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারের পর পুলিশ ভ্যানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। ছবি: সংগৃহীত

হামলার জন্য স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের দায়ী করেন পাটওয়ারী। পরে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়ের অন্তত ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

পরের দিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির।

এদিকে, তারেক রেজার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এনসিপি ও দলটির কেন্দ্রীয় নেতারা। একটি ফটোকার্ড দিয়ে এনসিপির ফেসবুক পেজে বলা হয়েছে, ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এনসিপির যুগ্ম সদস্যসচিব এবং জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্তির দাবি জানিয়েছে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই ফটোকার্ড শেয়ার করে ফেসবুক পোস্টে লিখেছেন, তারেক রেজাকে গ্রেপ্তার রাখা চলবে না। মুক্তি দিতে হবে। মামলার ভয় দেখিয়ে তারেকদের দমানো সম্ভব নয়।

সম্পর্কিত