
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়া পথে দুর্ঘটনায় ছেলে-মেয়েসহ নিহত হয়েছেন বাংলাদেশি এক মা। আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহতরা হলেন, তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন (৫৫) ও বড় ছেলে নাবিল (২৪)।
তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। তাঁর শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের ভৌরবে।
তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার বোন, দুলাভাই, তাদের ছেলে-মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কায় যাচ্ছিল। পথে প্রাইভেটকারের পেছন থেকে বড় কোনো গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমার বোন, ছোট ভাগনে ও ভাগনি নিহত হন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগনে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
লাশ দেশে আনার বিষয়ে মুরাদ বলেন, পবিত্র ওমরাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই কারণে তাদের লাশ দেশে আনা হবে না। শুক্রবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
.png)






