দেশে জঙ্গিবাদী তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮: ৪০
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে কোনো জঙ্গিবাদী তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সারা দেশে কালেমাখচিত পতাকা ছড়িয়ে দেওয়ার পেছনে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারা দেশে কালেমাখচিত পতাকা দেখা যাওয়া এবং মিছিল করার বিষয়ে এক প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, আমরা ইংরেজিতে বলি, এরা এক্সট্রিমিস্ট। কিন্তু আমরা মনে করি না দেশে এ রকম কোনো সংগঠনের অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। নতুন শক্তিশালী আইন হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে চাই। অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়া, ডগ স্কোয়াড দেওয়া—এসব করতে কিছুটা সময় লাগবে।’

আহত জুলাই যোদ্ধার সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে বলে অপর এক প্রশ্নের জবাবে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, ‘চব্বিশের সরকার পতনের শেষ দিকে তারা হাসপাতাল থেকে নথিও গায়েব করে দিয়েছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা দিতে দেয়নি, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে। অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এখন আত্মীয়স্বজনরা লাশ খুঁজে বেড়াচ্ছেন। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে, তখন সংখ্যা বাড়বে।’

জুলাই আন্দোলনের সময় নিহতের কথা বলে ভুয়া মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভিযোগের ভিত্তিতে এগুলো করা হয়েছে। তারাও খুব বেশি তদন্ত করার সুযোগ হয়তো পায়নি। এখন ক্ষেত্রমতে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আসামি হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।’

ভুয়া বাদীদের ব্যাপারে ব্যবস্থা কী—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাদীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিধান আদালতের। মিথ্যা মামলা করলে যে বিধান বাদীদের ওপর বর্তায়, সেটা আদালতের।’

বুধবার একটি হোটেলে খাবার খেতে গিয়ে তিন সাংবাদিক হেনস্তার শিকার হওয়ার প্রসঙ্গও আসে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে। তিনি জানান, এই ঘটনা তাঁর নজরে আসেনি। লিখিত দিলে তদন্তের ব্যবস্থা করবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত