কলকাতায় আগুনে ৮ বাংলাদেশি নিহত, পাঁচজনের পরিচয় শনাক্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ডেস্ক

আগুনে ক্ষতিগ্রস্ত কলকাতায় একটি হোটেল। ছবি: এনডিটিভি
আগুনে ক্ষতিগ্রস্ত কলকাতায় একটি হোটেল। ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। তাদের ছয়জনের পরিচয় পাওয়া গেছে। শনাক্ত ছয়জনের মধ্যে পাঁচ বাংলাদেশি এবং একজন ভারতীয়।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তাঁরা হলেন— কুষ্টিয়া সদরের আরুয়াপাড়ার দেবাশিস দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), এই দম্পতির তিন বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং শিম্মিনের বাবা থানাপাড়া এলাকার আকরাম আলী (৬৪)। এ ছাড়া ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার তিন বছর বয়সী শিশু আহমেদ বাবু রয়েছেন।

নিহত অন্যজন ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার সন্দীপ পাসওয়ান (১৯)।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সময় ওই হোটেলে ২৫ বাংলাদেশি ছিলেন।

বার্তাসংস্থা এএনআই জানায়, চিকিৎসার জন্য কলকাতা এসে তিন তলা হোটেল শিখা ইনে উঠেছিলেন হতাহতরা। শুরুতে ভারতের গণমাধ্যম নিহত ৯ জনই বাংলাদেশি উল্লেখ করেছিল।

পুলিশ জানিয়েছে, হোটেলের তিন তলায় রাত ২টা ৭ মিনিটে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কক্ষগুলো কালো ধোঁয়ায় ভরে যায়। এতে হোটেলের বাসিন্দারা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে ধোঁয়ার কারণে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানানো হলে তাদের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। দমকলকর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হোটেলের একাংশ পুড়ে যায়।

প্রাথমিক তদন্তের বরাতে এনডিটিভি জানিয়েছে, হোটেলটিতে ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই ঘটনায় কলকাতা পুলিশ একটি মামলা করেছে। হোটেলের মালিক ও কর্মীরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের খুঁজছে।

অভিযানে হোটেল থেকে অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হোটেলের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কারণে এই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

কলকাতায় আগুনে ৮ বাংলাদেশি নিহত, পাঁচজনের পরিচয় শনাক্ত