রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন সিলেট মহানগর বিএনপির
স্ট্রিম সংবাদদাতাসিলেট

আয়োজকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সন্ধ্যা পর্যন্ত মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেননি।
মহানগর বিএনপির নেতাদের অভিযোগ, নাগরিক সংবর্ধনার আয়োজন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সিসিকের বর্তমান প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী একক সিদ্ধান্তে অনুষ্ঠানটির আয়োজন করেছেন। মহানগর বিএনপির নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি করেছেন তারা।
বিএনপির মহানগরের নেতারা বলছেন, নাগরিক সংবর্ধনার মতো আয়োজনে নাগরিক কমিটি গঠন করে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কিন্তু আয়োজকরা এর কিছুই না করায় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, ‘নানা কারণে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। কারণগুলো এখনই বলছি না। তবে সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বাকি সব অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছি। রাষ্ট্রপতিকে সিলেটে স্বাগত জানাতে নগরের ৭টি পয়েন্টে নেতাকর্মী উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা এবং অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’
অভিযোগের বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সোমবার তিনি জানিয়েছিলেন, সংবর্ধনার প্রস্তুতির অংশ হিসেবে নাগরিক সমাজসহ বিভিন্ন স্তরের নাগরিকদের সঙ্গে তারা কথা বলেছেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যান রাষ্ট্রপতি। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেইট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
সংবর্ধনাস্থলে বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতিকে সংবর্ধনার প্রস্তুতির মধ্যেই নগরভবনের অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ ছিল না। যদিও তখন পর্যন্ত রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছাননি।
বেলা পৌনে ৩টার কিছু আগে বিদ্যুৎ চলে গেলে মঞ্চসহ পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
তবে এই ঘটনাকে লোডশেডিং বলতে রাজি নন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার তো প্রশ্নই আসে না। এটি অন্য কোনো গোলযোগের কারণে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি আসায় আজ সিলেটে কোনো লোডশেডিং নেই। তবে লো-ভোল্টেজের কিছু সমস্যা আছে। সেটিও আমরা ঢাকার সঙ্গে কথা বলে সমাধান করেছি।’
.png)


-7c29dd-256x144.webp)



