ভুটানের ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৬
সাফ-২০২৬ এর ব্যানার। ছবি: সংগৃহীত
সাফ-২০২৬ এর ব্যানার। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর একই সময়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের গ্রুপে ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে নেপালেরও থাকার সম্ভাবনা রয়েছে। নেপালের ওপরে থাকা ফিফার নিষেধাজ্ঞা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে তারা এই গ্রুপে যুক্ত হবে। নেপাল অংশ নিলে বাংলাদেশের তৃতীয় গ্রুপ ম্যাচের সূচি পরে জানাবে সাফ।

অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টা ও রাত ৮টায় দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল।

বাংলাদেশের ম্যাচ

৫ নভেম্বর: বাংলাদেশ বনাম ভুটান, রাত ৮টা

১১ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮টা

টুর্নামেন্টের সব ম্যাচই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার বাংলাদেশের সঙ্গে নেপাল ও পাকিস্তানেরও সমান ৬ পয়েন্ট ছিল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ ঘরের মাঠে সাফের শিরোপা জিতেছে একবার। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফি জেতে লাল-সবুজের দল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত