বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৪: ৪৭
কুপিয়ে হত্যার প্রতীকী ছবি
কুপিয়ে হত্যার প্রতীকী ছবি

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল ওই গ্রামের আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তাঁর পথরোধ করেন। তাঁদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপান। পরে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাতিজি শারমিন খাতুন বলেন, আমার চাচা দুইবারের মেম্বার ছিলেন। বিভিন্ন সময় সালিস বৈঠক করতেন। এ কারণে কারও সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু এভাবে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই পরিবারের নিরাপত্তা চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত