ad

ট্রাম্পের অনুরোধে বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত, বিতর্কে ফিফা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯: ৪৭
লাল কার্ড দেখছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান। ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগনের শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। তবে এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তদবিরের খবর প্রকাশ হওয়ার পর নতুন বিতর্ক তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বুধবার থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করে বালোগনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান ট্রাম্প।

এরপর রোববার ফিফা জানায়, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারার আওতায় বালোগনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখা হচ্ছে। ফলে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে কোনো বাধা থাকছে না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের।

শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করেছিলেন বালোগন। তবে ম্যাচের ৬৪তম মিনিটে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। নিয়ম অনুযায়ী, এর ফলে তাঁর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

ফিফা জানিয়েছে, আগামী এক বছরের মধ্যে বালোগন একই ধরনের গুরুতর অপরাধ করলে এই স্থগিতাদেশ বাতিল হবে। সে ক্ষেত্রে বর্তমান নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও কার্যকর হবে।

ফিফার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্বয়ংক্রিয় লাল কার্ডের শাস্তি স্থগিত করার সিদ্ধান্ত ফিফার বিদ্যমান বিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি নিয়ে সম্ভাব্য সব আইনি ও সাংগঠনিক পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

ফিফার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানতাম না ৫ জুলাই ফিফায় ১ এপ্রিল (এপ্রিল ফুল) হয়ে গেছে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, বালোগনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি কঠোর ছিল।

ফিফার সিদ্ধান্তে খুশি যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়েরাও। ডিফেন্ডার ক্রিস রিচার্ডস জানান, প্রথমে সামাজিক মাধ্যমে খবরটি দেখে তাঁরা সেটিকে এআই দিয়ে তৈরি ভুয়া খবর মনে করেছিলেন। পরে দলের কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছে এবং বালোগন শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করছে।

এদিকে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।’

বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্ট চলাকালে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনা খুবই বিরল। এর আগে ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি গারিঞ্চাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত আলোচনায় এসেছিল। তবে সেসময় শাস্তির বিধান স্বয়ংক্রিয় নয় বরং ফিফার শৃঙ্খলা কমিটির হাতে ছিল। সাম্প্রতিক সময়ে ফিফা শৃঙ্খলাবিধির একই ধারা প্রয়োগ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি নিষেধাজ্ঞার অংশও স্থগিত করেছিল।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

Ad 300x250

সম্পর্কিত