ad

বৃষ্টির আগে অজিদের সংগ্রহ ৮ উইকেটে ১৮৭

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬: ৩৭
উইকেট পাওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে আট উইকেটে ১৮৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৪২তম ওভারে খেলা থামার আগে বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ। দুটি উইকেট গেছে স্পিনার তানভীরের ঝুলিতে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে দিন শুরু করেন বাংলাদেশের তাসকিন। প্রথম ম্যাচে প্রথম বলে ম্যাথু শর্টকে বোল্ড করে ফিরিয়েছিলেন, তেমন না হলেও আজও খুব বেশি সময় নেননি তিনি। ফের দুর্দান্ত ইন সুইংয়ে চতুর্থ বলেই বোল্ড করেন শর্টকে (০)।

এরপর অজিদের হয়ে ব্যাটিংয়ে আসেন জশ ইংলিশ। অন্যপ্রান্তে থাকা কনোলিকে নিজের প্রথম বলেই কট বিহাইন্ডের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ দেখান মুস্তাফিজ। অজিদের স্কোর বোর্ডে তখনও জ্বলজ্বল করছে শূন্য। পরের ধাক্কাটাও আসে কয়েক বলের ব্যবধানেই। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ম্যাট রেনশ।

মাঠের আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে বাংলাদেশ রিভিউ নিতেই বদলে যায় সিদ্ধান্ত। ফলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র চতুর্থ দল হিসেবে দলীয় রানের খাতা খোলার আগেই তিন উইকেট হারাল অজিরা। এমনকি প্রথম দুটি ওভারই ছিল মেডেন।

দলীয় ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অজিরা। এরপর প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৩৬ রান তুলতে পারে তারা।

অস্ট্রেলিয়ার পঞ্চম ও ষষ্ঠ উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার তানভীর আহমেদ। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে তখন ব্যাটিং বিপর্যয়ে সফরকারিরা। তবে এরপর ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধ গড়ে তোলেন মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। ৮১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর তাদের জুটিতে অর্ধশত রান পার হয় অস্ট্রেলিয়া। এরমধ্যে নিজের ওডিআই ক্যারিয়ারের ১৩তম ফিফটি পেয়ে যান লাবুশেন। অন্যপ্রান্তে থাকা জ্যাভিয়ারও ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। এই জুটির দৃঢ়তায় ৪০ ওভারে অজিদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান।

এরপরই বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন তাসকিন। তাঁর করা ৪১তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন বার্টলেট। পরের বলে একইভাবে বোল্ড হন জাম্পা। হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি হয়নি তাসকিনের। পরের ওভারেই বেরসিক বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। ততক্ষণে অজিদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১৮৭/৮ (৪২) লাবুশেন ৫৫*, জেভিয়ার ৫২; মুস্তাফিজ ৩/২৭, তাসকিন ৩/৩৩

Ad 300x250

সম্পর্কিত