ইউক্রেনে ব্রিটিশ ড্রোন, চড়া মূল্য শোধের হুমকি রাশিয়ার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৩: ৪৩
ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছে ওয়াইল্ডবেরিস। ছবি: সংগৃহীত

রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। খবর বিবিসির।

যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী ও সমান অপরাধী হিসেবে কাজ করছে। লন্ডনের এমন পদক্ষেপের অনিবার্য পরিণতি ভোগ করতে হবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে। এই যুদ্ধে যুক্তরাজ্য যত বেশি জড়াবে, তত বেশি চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া।

জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক মুখপাত্র জানান, ব্রিটেন ইউক্রেনের সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ আছে। ইউক্রেন ও মিত্রদের বিরুদ্ধে রুশ আগ্রাসন মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থান নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

দুটি ব্রিটিশ কোম্পানির তৈরি ড্রোন রাশিয়া সামরিক ও শিল্প স্থাপনায় হামলায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার ও অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামও রয়েছে।

রাশিয়ার অ্যামাজন নামে পরিচিত এই কোম্পানিটিকে ইউক্রেন বারবার লক্ষ্যবস্তু করেছে এবং জানিয়েছে যে, ওয়াইল্ডবেরিজের শীর্ষ ১০টি লজিস্টিক সেন্টারের মধ্যে ৭ অকার্যকর করা হয়েছে।

বিবিসি রুশ সামরিক সূত্রের বরাতে জানায়, এই হামলায় যুক্তরাজ্যের ড্রোন ব্যবহার করা হয়। এসব হামলায় সাড়ে ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রস্তোভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোসহ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতেও যক্তরাজ্যের ড্রোন ব্যবহার করা হয়েছে। সর্বশেষ সোমবারের এক হামলায় শিশুসহ ৯ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর জানান, গত শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে ৮২২টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ৬০০টির লক্ষ্য ছিল মস্কো। যা সাম্প্রতিক সময়ের সবথেকে বড় ড্রোন হামলা। এই হামলায় পুরো রাশিয়ায় ৭ জন প্রাণ হারান। একই রাতে রাশিয়াও ইউক্রেনে হামলা চালায়, এতে কমপক্ষে ৭ জন নিহত এবং ৩৯ জন আহত হন।

এপ্রিলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্ববৃহৎ প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার স্ট্রাইক ডিভাইসসহ দশ হাজারেরও বেশি ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই ড্রোন প্রথম রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ইউক্রেনে ব্রিটিশ ড্রোন, চড়া মূল্য শোধের হুমকি রাশিয়ার