
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। এই সংগ্রামকে কার্যকর ও সুসংগঠিত করতে একটি রাজনৈতিক নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল অপরিহার্য।
সেই প্রয়োজন থেকেই গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার, যা ইতিহাসে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। যুদ্ধকালীন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই সরকারের গঠন ছিল সুদূরপ্রসারী চিন্তা, কৌশলগত পরিকল্পনা এবং বাস্তবতার নিরিখে নেওয়া একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত রূপ দেয়; বাংলাদেশের সংগ্রাম যে বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, পরিকল্পিত স্বাধীনতা যুদ্ধ, তা প্রমাণ করে। এই সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল, আর ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠান আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিশ্ববাসীর কাছে বৈধতা ও গ্রহণযোগ্যতা অর্জন করে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ রাখেন। শেখ মুজিবুর রহমানের নামে এই স্থানের নামকরণ করা হয়।
এখানে প্রশ্ন ওঠে—ঢাকা বা অন্য কোনো শহরের পরিবর্তে কেন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রাম বেছে নেওয়া হলো? এর উত্তর নিহিত রয়েছে ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের কঠিন ও সংকটময় বাস্তবতায়।
২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর পর ঢাকা কার্যত একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় এলাকা, সংবাদপত্র অফিস এবং রাজনৈতিক নেতাদের বাসভবন কঠোর নজরদারির আওতায় চলে যায়। এমন পরিস্থিতিতে ঢাকায় কোনো স্বাধীন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। ঢাকায় সরকার গঠনের উদ্যোগ নিলে পাকিস্তানি বাহিনীর সক্রিয় গোয়েন্দা তৎপরতার কারণে তা দ্রুত শনাক্ত হয়ে যেত, এবং সঙ্গে সঙ্গে দমন করা হতো।
চট্টগ্রাম, খুলনা বা রাজশাহীর মতো বড় শহরগুলোও তখন পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এসব শহরে সেনাবাহিনীর উপস্থিতি, যোগাযোগ ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণের কারণে কোনো ধরনের গোপন রাজনৈতিক বা প্রশাসনিক উদ্যোগ নেওয়া মানে নিজেকে শত্রুর সামনে উন্মুক্ত করে দেওয়া। ফলে শুরুতেই নেতৃত্বের ওপর আঘাত আসার আশঙ্কা ছিল, যা পুরো স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দিতে পারত।
এই প্রেক্ষাপটে মুজিবনগরের মতো সীমান্তবর্তী ও তুলনামূলক নিরিবিলি এলাকা এক ভিন্ন বাস্তবতা; এখানে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি ছিল দুর্বল, এবং স্থানীয় প্রতিরোধের কারণে অঞ্চলটি অনেকাংশে মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। ফলে সরকার গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে তুলনামূলকভাবে নিরাপদে ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
মুজিবনগরের ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পশ্চিমাঞ্চলে ভারত সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় এটি কৌশলগতভাবে বিশেষ সুবিধাজনক ছিল। ঢাকায় ২৫ মার্চের বর্বর অভিযানের পর স্পষ্ট হয়ে যায় যে, রাজধানী বা বড় শহরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কার্যত অসম্ভব। মুজিবনগরের অবস্থান এমন ছিল যে, প্রয়োজনে খুব দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া সম্ভব ছিল, আবার একই সঙ্গে দেশের ভেতর থেকেই নেতৃত্ব দেওয়া যাচ্ছিল। ফলে এটি এক ধরনের নিরাপদ ‘বাফার জোন’ হিসেবে কাজ করেছে।
সীমান্তের কাছাকাছি অবস্থান করার ফলে মুজিবনগর থেকে ভারতের সঙ্গে দ্রুত যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল। ফলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, শরণার্থী ব্যবস্থাপনা এবং এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা—সব ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও মুজিবনগর ছিল সময়োপযোগী ও বাস্তবসম্মত। জনবহুল ও নজরদারিপূর্ণ শহরের তুলনায় এই নিরিবিলি সীমান্তবর্তী অঞ্চলে পরিকল্পনা গ্রহণ, নেতৃত্বের সমন্বয় এবং শপথ অনুষ্ঠানের প্রস্তুতি অনেক বেশি গোপনে সম্পন্ন করা সম্ভব হয়। পাকিস্তানি বাহিনীর গোয়েন্দা নজরদারি থেকে দূরে থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগেভাগে ফাঁস হওয়ার ঝুঁকি কম ছিল। একই সঙ্গে হঠাৎ আক্রমণের সম্ভাবনাও তুলনামূলকভাবে কম থাকায় নেতৃত্ব নিরাপদে থেকে কার্যক্রম পরিচালনা করতে পেরেছিল। এই গোপনীয়তা মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে একটি কার্যকর ও স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মুজিবনগর সরকার নেতৃত্বকে নিরাপদ রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধকে সুসংগঠিত কাঠামোর মধ্যে নিয়ে আসে; যেখানে রাজনৈতিক দিকনির্দেশনা, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতি সমন্বিতভাবে পরিচালিত হয়। ফলে স্বাধীনতা সংগ্রাম একটি সুস্পষ্ট লক্ষ্য ও কার্যকর নেতৃত্ব পায়, এবং বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে।
.png)

পুরান ঢাকার অলি-গলি ধরে চলতে গিয়ে কখনও কি মনে হয়েছে ‘হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন’? বাতাসে ‘প্রাচীন প্রাচীন’ গন্ধ, পলেস্তারা উঠে যাওয়া দালানে মিশে আছে ফেলে আসা অতীতের স্মৃতি, মানুষগুলোও যেন পুরোনো সময়ের সাক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকাজুড়ে। পুরোনো এসব এলাকার নামের পেছনেও আছে অতীতের ইতিহাস। অ
০২ সেপ্টেম্বর ২০২৬
‘মি. ওসমানী, আপনি কি জানেন আপনার উচ্চতা কম?’ কিংস কলেজের ভাইভা বোর্ডে প্রশ্নটা শুনে তরুণ আতাউল গণি ওসমানী মোটেই বিচলিত হলেন না। শান্তভাবে বললেন, ‘জি, জানি।’
০১ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবন। ঢাকার ব্যস্ততম এলাকা দিলকুশার বুকে দাঁড়িয়ে থাকা এই ভবন অনেক কিছুর সাক্ষী। গল্পটা শুরু হয় ব্রিটিশ আমলে। তখন এই জায়গায় ছিল ঢাকার নবাব পরিবারের একটি বাগানবাড়ি। পরে সরকার সেটি কিনে নেয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এর নাম হয় ‘গভর্নমেন্ট হাউস’। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে, ভবনটির নাম পাল্টে রাখা
২৩ আগস্ট ২০২৬
মশা ছোট। এতটাই ছোট যে হাতের এক চাপে তার অস্তিত্ব মুছে যায়। কিন্তু ইতিহাসের ওপর তার ছাপ মুছে ফেলা এত সহজ নয়। এই ক্ষুদ্র প্রাণী কখনো সেনাবাহিনী দুর্বল করেছে, কখনো যুদ্ধের ফলাফল বদলে দিয়েছে, আবার কখনো জিনগত পরিবর্তন ঘটিয়েছে। উপনিবেশ বিস্তার থেকে শুরু করে মানবসভ্যতার নানা গুরুত্বপূর্ণ বাঁকেও মশাবাহিত
২০ আগস্ট ২০২৬